যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত এই বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোববার রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু অবস্থান করছিলেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রাথমিক ধারণা, রানওয়েতে থাকা নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গেই বিমানটির এই সংঘর্ষ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো না হলেও, দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে যে তারা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। সংস্থাটি এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করেনি।
সূত্র: এনবিসি নিউজ
ডিবিসি/পিআরএএন