জেলার সংবাদ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে নিউইয়র্কের আলবানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০), নাজমুল রোবেলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭) ও অন্য গাড়িতে থাকা নিউইয়র্কের বাসিন্দা জুলিয়া রিচিওসহ (৬২)।

দুর্ঘটনায় নিহতের পরিবারের আরও দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনি ইকরা (১)। বর্তমানে তারা আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তারা একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

 

নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে। মর্মান্তিক এই ঘটনায় কুমিল্লার মুরাদনগরে নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন