যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসায় লাগা আগুনে স্ত্রী ও দুই সন্তানকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ বাংলাদেশি প্রবাসী রফিকুল ইসলাম সোহাগ (৪৭) মারা গেছেন। দীর্ঘ ২১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত ২৬ জুন ভোর সোয়া ৪টার দিকে নিউইয়র্ক শহরের জ্যামাইকায় অবস্থিত একটি ব্যক্তিমালিকানাধীন দোতলা আবাসিক ভবনের বেজমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ডিপার্টমেন্টের ধারণা, ডেলিভারি সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল।
শনিবার (১৮ জুলাই) জোহরের নামাজের পর ব্রুকলিনের বাইতুল মামুন মসজিদে নিহতের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর নিউ জার্সিতে তাকে দাফন করা হবে। নিহত রফিকুল ইসলাম সোহাগের পৈতৃক নিবাস বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে।
ডিবিসি/পিআরএএন