যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে শৈত্যপ্রবাহের কবলে পড়ে গত কয়েক দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে জানান, জানুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া এই তীব্র ঠান্ডায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মেয়র মামদানি আরও একজনের মৃত্যুর খবর জানিয়ে বলেন, প্রতিটি প্রাণহানি একটি ট্র্যাজেডি এবং প্রশাসন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। টানা ১৩ দিন ধরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস বা ৩২ ডিগ্রি ফারেনহাইটের নিচে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, গত ছয় দশকের মধ্যে নিউইয়র্কে এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি।
গত ১৯ জানুয়ারি থেকে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ঘরহীন ও অসহায় মানুষকে সুরক্ষা দিতে প্রায় ১,৪০০টি স্থানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এর আগে ২৭ জানুয়ারি মেয়র জানিয়েছিলেন যে, নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে খোলা আকাশের নিচে বা রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বাকিদের মৃত্যুর সঠিক কারণ এখনো তদন্তাধীন।
বর্তমানে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা শহরজুড়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি ঘোষণা করেছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও পরিস্থিতি এখনো বিপজ্জনক।
গত বছরগুলোতে এই সময়ে গড় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ১৯৬৩ সালের পর টানা দুই সপ্তাহ ধরে এমন হিমাঙ্কিত অবস্থার মুখোমুখি হয়নি নিউইয়র্কবাসী। এই প্রতিকূল পরিস্থিতিতে মেয়র নাগরিকদের নিরাপদ থাকতে, ঘরে অবস্থান করতে এবং একে অপরের খোঁজ নিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সূত্র: দ্যা গার্ডিয়ান
ডিবিসি/টিবিএ