নিউজিল্যান্ডে একটি চ্যারিটি দোকানের সামনে ভুলবশত গাঁজা ও নগদ টাকা ভর্তি একটি ব্যাগ ফেলে যায় দুই কিশোর-কিশোরী। গত ১৮ ফেব্রুয়ারি দেশটির সাউথ আইল্যান্ডের সাউথল্যান্ড অঞ্চলে এ ঘটনা ঘটে। সোমবার (৯ মার্চ) এক বিবৃতির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।
পুলিশ জানায়, ওই দুই কিশোর-কিশোরী একটি ওয়ার্কশপে তাদের গাড়ির সার্ভিসিংয়ের জন্য অপেক্ষা করার সময় পাশ্ববর্তী একটি দাতব্য দোকানের সামনে নিজেদের ব্যাগটি রেখে আসে। পরবর্তীতে ভুল বুঝতে পেরে তারা যখন আতঙ্কিত ও উত্তেজিত অবস্থায় সেটি উদ্ধারে ফিরে আসে, তখন পুলিশকে খবর দেওয়া হয়।
এর আগে দোকানের একজন স্বেচ্ছাসেবক তীব্র গন্ধ পেয়ে ব্যাগটি খোলেন এবং ভেতর থেকে ৪৩.২ গ্রাম (১.৫ আউন্স) গাঁজার প্যাকেট ও ৩,৭০০ নিউজিল্যান্ড ডলার (২,২০০ মার্কিন ডলার) উদ্ধার করেন। কর্মীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই দাতব্য দোকানের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই কিশোর-কিশোরীকে তল্লাশি করে। এ সময় তাদের গাড়িতে একটি এয়ার পিস্তল, একটি পুলিশ স্ক্যানার এবং আরও কিছু নগদ অর্থ পাওয়া যায়। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, লাইসেন্স ও প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান ছাড়া ১৮ বছরের কম বয়সীদের এয়ার পিস্তল রাখা বেআইনি। এছাড়া দেশটিতে পুলিশ স্ক্যানার রাখা বৈধ হলেও এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ব্যবহার বা বিতরণ শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখ্য, নিউজিল্যান্ডে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজার ব্যবহার এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ।
গ্রেপ্তারকৃত কিশোর-কিশোরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়েছে কি না বা তাদের আদালতে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানায়নি। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী যুব আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে, যেখানে সাধারণত ১৭ বছরের কম বয়সী অভিযুক্তদের বিচার হয়ে থাকে।
তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/এএমটি