তুরস্ক বর্তমানে তার নিজস্ব প্রযুক্তির MUGEM (Milli Uçak Gemisi) নামের হেভি এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ শুরু করেছে। মূলত, প্রায় ৬০ হাজার টন ওজনের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি দেশটির বর্তমান ফ্ল্যাগশিপ 'TCG Anadolu' লাইট ক্যারিয়ার অপেক্ষা অনেকটাই বড়ো ও শক্তিশালী হবে।
মূলত, গত ২০২৫ সালের ২ জানুয়ারি ইস্তাম্বুল শিপইয়ার্ডে এর ধাতব পাত কাটার (Steel Cutting) মাধ্যমে এই মেগা প্রজেক্টের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরিকল্পনা মাফিক, এটি আগামী ২০২৭-২৮ সালের দিকে সাগরের ভাসানো হবে এবং এটা সার্ভিসে সার্ভিসে আসতে হয়ত ২০৩০-৩২ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
এই ক্যারিয়ারটি মূলত তুরস্কের ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড (Istanbul Naval Shipyard)-এ তৈরি করা হচ্ছে। এটি দেশটির নৌবাহিনী ডিজাইন করলেও, এই প্রজেক্টের মূল কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা Military Factory and Shipyard Management Inc.।
এছাড়া, এই মেগা প্রজেক্টে প্রযুক্তিগত সহায়তা এবং সরবরাহকারী কোম্পানি হিসেবে যুক্ত রয়েছে ASELSAN, HAVELSAN, ROKETSAN এবংERDEMİR-এর মতো বেশকিছু দেশি-বিদেশি প্রযুক্তি ও ডিফেন্স সিস্টেম উৎপাদনকারী কোম্পানি। এটি একটানা ৬০ দিন সাগরের বুকে অবস্থান করতে পারবে।
নতুন প্রজন্মের এই MUGEM (Milli Uçak Gemisi) হেভি এয়ারক্রাফট ক্যারিয়ারে সর্বমোট ৫০টি যুদ্ধবিমান, হেলিকপ্টার ও হেভি কমব্যাট ড্রোন মোতায়েন করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হচ্ছে। যার মধ্যে ২০টি এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে এবং ৩০টি এয়ারক্রাফট ক্যারিয়ারের হ্যাংগারে রাখা হবে।
এই ক্যারিয়ারের দৈর্ঘ্য ২৮৫ মিটার, প্রস্থ ৭২ মিটার, ড্রাফট ১০.১ মিটার এবং ওজন প্রায় ৬০,০০০ টন হবে। এর অপারেশনাল রেঞ্জ হবে ১০,০০০ নটিক্যাল মাইল, সর্বোচ্চ গতি ২৫ নটিক্যাল মাইল (প্রায় ৪৬ কিমি/ঘণ্টা) এবং ক্রুজিং স্পিড ১৪ নটিক্যাল মাইল হবে। এতে কমপক্ষে ৮০০ জনের অধিক ক্রু ও অফিসার থাকার ব্যবস্থা করা হবে।
এতে পাওয়ার ও প্রপালশন সিস্টেম হিসেবে COGAG (Combined Gas Turbine and Gas Turbine) ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এতে মোট চারটি General Electric LM2500 গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হবে, যার প্রতিটি প্রায় ২৩ মেগাওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম।
এই ক্যারিয়ারে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে প্রায় ৪০ মেগাওয়াট। এছাড়া, এটি পরিচালনার জন্য প্রায় ৬৬০০ ভোল্টের উচ্চ ভোল্টেজ সিস্টেম ব্যবহার করা হবে। এর ম্যানুভারেবিলিটি বৃদ্ধি করা এবং বন্দরে সহজে ঘোরানোর জন্য এতে 'বো থ্রাস্টার' (Bow Thruster) প্রযুক্তি থাকবে।
এই এয়ারক্রাফট ক্যারিয়ারে নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কয়েক স্তরের অত্যাধুনিক দেশীয় ডিফেন্স সিস্টেম ইনস্টল করা হবে। বিশেষ করে আকাশ পথে আগত হুমকি মোকাবিলায় এতে ৩২টি সেলের MIDLAS ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থাকবে, যা থেকে Hisar ও Siper ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করা যাবে।
এর পাশাপাশি আকাশের স্বল্প উচ্চতায় ড্রোন বা মিসাইল ধ্বংস করতে ৪টি Gökdeniz ক্লোজ-ইন ওয়েপন সিস্টেম এবং ছোট লক্ষ্যবস্তু ঠেকাতে ৬টি রিমোট কন্ট্রোলড ২৫ মিমি গান যুক্ত করা হবে। এছাড়া, এতে শক্তিশালী ÇAFRAD রাডার এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফার সিস্টেম ইনস্টল করা হবে।
আবার, পানির নিচের সাবমেরিন বা টর্পেডো আক্রমণ শনাক্ত ও প্রতিহত করতে এতে বিশেষ সোনার এবং কাউন্টার মেজার সিস্টেমও থাকবে। তবে, এটি কিন্তু সাগরের বুকে একক কোনো ব্যাটল শিপ হিসেবে কাজ করবে না, বরং একাধিক যুদ্ধজাহাজ ও সাবমেরিনসহ একটি শক্তিশালী ব্যাটল স্ট্রাইক গ্রুপে নেভাল মিশন পরিচালনা করবে।
তুরস্কের নিজস্ব প্রযুক্তির MUGEM এয়ারক্রাফট ক্যারিয়ার প্রজেক্ট দেশটির নৌবাহিনীর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি এখন শুধু সামরিক সক্ষমতা বাড়াবে না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। তাই, ভবিষ্যতে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে তুরস্ক নৌবাহিনী আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে।
তথ্যসূত্র : Wikipedia, Naval News, Reuters, Turkey Today
সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক