আন্তর্জাতিক, আমেরিকা

নিজেকে অভিভাবক দাবি করে হরমুজে টোল বসানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর কড়া জবাবে নিজেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর 'অভিভাবক দেবদূত' হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি না হলে এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র টোল বা মাসুল আরোপ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালিতে টোলমুক্ত চলাচলের সুযোগ থাকবে। কিন্তু এই সময়ের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র টোল বসাবে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘অভিভাবক দেবদূত’ হিসেবে যুক্তরাষ্ট্রের দেওয়া সেবার পারিশ্রমিক হিসেবে গণ্য হবে। এদিকে, ইরান প্রণালি বন্ধের দাবি করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড তা সরাসরি নাকচ করেছে। 

 

মার্কিন সামরিক মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিশ্চিত করেছেন যে, প্রণালিটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে এবং সেখানে যান চলাচল স্বাভাবিক। সামরিক তথ্য অনুযায়ী, উত্তেজনার মধ্যেই শনিবার ১৭ মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী ৫৫টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে প্রণালিটি অতিক্রম করেছে।

 

যুদ্ধ পরিস্থিতি এড়াতে ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের বহুপক্ষীয় আলোচনা শুরু হতে যাচ্ছে, যেখানে মধ্যস্থতা করছে পাকিস্তান ও কাতার। এই আলোচনার মূল লক্ষ্য হলো সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা এবং ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা। শুক্রবারের বিলম্বের পর শনিবার ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। 

 

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, শীর্ষ মার্কিন আলোচক জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইতোমধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছেন এবং শিগগিরই তিনি নিজেও এই শান্তি আলোচনায় যোগ দেবেন।

 

হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই পদক্ষেপ মূলত লেবাননে চলমান সংঘাতের ওপর নির্ভরশীল। ইরানের যৌথ সামরিক কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল প্রকাশ্যে লেবাননে 'ব্যাপক যুদ্ধবিরতি' এবং সামরিক অভিযান বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে কোনো নিশ্চয়তা দেবে না। ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রমতে, তারা রাজনৈতিক মহল থেকে যুদ্ধবিরতির নির্দেশনা পেয়েছে এবং বর্তমানে আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। তবে গত ৪৮ ঘণ্টায় দক্ষিণ লেবাননে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন।

 

সূত্র: পিবিএস নিউজ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন