ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের আকাশসীমায় একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ প্রতিবেদনে এমন দাবি করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-এর নিজস্ব ‘নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে ড্রোনটিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।
বিগত বেশ কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যসহ ওই অঞ্চলে বিভিন্ন ধরনের নজরদারি চালানো এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলার মতো মিশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এমকিউ-৯ রিপার নামের এই অত্যাধুনিক ড্রোন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে, যা সামরিক দিক থেকে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে সর্বশেষ ভূপাতিত এই ড্রোনটি সরাসরি মার্কিন সামরিক বাহিনীর কি না, কিংবা ঠিক কোন সময়ে এটি ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ডিবিসি/এসডব্লিউএন