মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশ ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ কোনোভাবেই ইরাকি ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো হুমকির উৎস হিসেবে ব্যবহৃত হতে দেবে না।
বুধবার (৫ মার্চ ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বুধবার ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেই বৈঠকের আলোচনার সারসংক্ষেপ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করে তেহরান।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ফোনালাপের শুরুতেই ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। এরপর তিনি আরাগচিকে আশ্বস্ত করে বলেন যে, ইরাকি সরকার তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং ইরাকের ভূখণ্ড বা সীমান্ত ব্যবহার করে ইরানের ওপর কোনো প্রকার হামলা বা হুমকির সুযোগ কাউকে দেওয়া হবে না। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরাকের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। তিনি মনে করেন, ইসরায়েল যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বৈশ্বিক রীতিনীতির পরিপন্থী। ইরাকের প্রধানমন্ত্রীর এমন দৃঢ় অবস্থান এবং অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তাকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র: শাফাক নিউজ
ডিবিসি/এফএইচআর