আন্তর্জাতিক, এশিয়া

নিজের উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়ার শাসনক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে নিজের মেয়ে কিম জু আয়ে-কে চূড়ান্তভাবে মনোনীত করতে যাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) সম্প্রতি দেশটির আইনপ্রণেতাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, জু আয়ে এখন আর কেবল বাবার আদরের মেয়ে হিসেবে পরিচিত নন, বরং রাষ্ট্রের নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ পর্যায়েও তিনি সক্রিয়ভাবে নিজের মতামত প্রকাশ করতে শুরু করেছেন, যা তার উত্তরসূরি হওয়ার পথকে আরও সুসংহত করছে।

 

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে জানা গেছে, কিম জু আয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি এই ধারণাকে জোরালো করেছে। বিশেষ করে দেশটির সশস্ত্র বাহিনী দিবস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কুমসুসান প্যালেস অব দ্য সান’ পরিদর্শনের সময় কিম জং উনের পাশে তার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। 

 

উল্লেখ্য, প্রাসাদটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং কিম জং ইলের সমাধিস্থল হিসেবে দেশটির সবচেয়ে পবিত্র রাজনৈতিক স্থান হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের ধারণা, চলতি মাসের শেষের দিকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে যদি জু আয়ে কোনো বিশেষ পদবি বা রাষ্ট্রীয় সম্মাননা পান, তবে তার উত্তরাধিকারী হওয়ার বিষয়টি কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।

 

২০২২ সালে প্রথমবার বাবার সাথে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) উৎক্ষেপণস্থলে দেখার পর থেকে জু আয়ে-কে ধারাবাহিকভাবে সামরিক মহড়া, বিমান প্রদর্শনী এবং এমনকি বেইজিং সফরেও দেখা গেছে, যেখানে তিনি চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সাথেও সৌজন্য বিনিময় করেছেন।

 

উত্তরাধিকার প্রক্রিয়ার এই প্রস্তুতির পাশাপাশি কিম জং উন দেশটির সামরিক শক্তি বৃদ্ধিতেও সমান তদারকি চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, কিম বর্তমানে একটি বিশালাকার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজ সরাসরি তদারকি করছেন, যা অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হবে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন