আন্তর্জাতিক, আমেরিকা

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মুখে ইসরায়েল থেকে অবিলম্বে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলে অবস্থানরত অতি-প্রয়োজনীয় নয় এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে সাধারণ মার্কিন নাগরিকদেরও বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দ্রুত ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যকার সাম্প্রতিক আলোচনা কোনো সুরাহা ছাড়াই শেষ হওয়ার পর এই উত্তেজনা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছেন এবং তেহরান পারমাণবিক কার্যক্রম বন্ধে গুরুত্ব না দিলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাসের কর্মীদের জরুরি ভিত্তিতে যেকোনো দেশের ফ্লাইট ধরে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

এমন পরিস্থিতিতে পরিস্থিতি শান্ত করতে ও ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জরুরি সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। 

 

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো বড় ধরনের মতবিরোধ বিদ্যমান, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুতকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। আগামী সপ্তাহে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে উভয় পক্ষের কারিগরি পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন