রোমান আব্রামোভিচ আমলের দলবদল সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘনের কারণে চেলসিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। জরিমানার পাশাপাশি ইংলিশ ক্লাবটিকে একটি স্থগিত দলবদল নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। অবশ্য আপিলের পর চেলসির জন্য প্রস্তাবিত স্থগিত ছয় পয়েন্ট কাটার শাস্তিটি বাতিল করা হয়।
২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে আব্রামোভিচের মালিকানাধীন চেলসি অননুমোদিত এজেন্ট ব্যবহার এবং দলবদলের আর্থিক লেনদেনের প্রকৃত তথ্য গোপন করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। স্যামুয়েল ইতো, এডেন হ্যাজার্ড এবং উইলিয়ানের মতো তারকা খেলোয়াড়দের চুক্তির ক্ষেত্রেও এই নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেছিল।
২০২২ সালে ব্লুজদের নতুন মালিকপক্ষ দায়িত্ব নেওয়ার পর তারা নিজেরাই অতীত প্রশাসনের এসব অনিয়মের কথা এফএ-র কাছে প্রকাশ করে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করে। স্বাধীন প্যানেল আব্রামোভিচ আমলের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করলেও, নতুন মালিকপক্ষের স্বচ্ছতার প্রশংসা করেছে। প্যানেলটি প্রথমে পয়েন্ট কাটার প্রস্তাব করলেও আপিল বোর্ড জানায়, নিয়ম ভঙ্গের কারণে মাঠে চেলসি কোনো বাড়তি সুবিধা পেয়েছিল এমন পর্যাপ্ত প্রমাণ মেলেনি। ফলে পয়েন্ট কাটার বদলে ঝুলন্ত দলবদল নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
এই রায়ের মাধ্যমে চেলসির অতীতের নিয়ম ভঙ্গের সঙ্গে সম্পর্কিত যাবতীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপের ইতি ঘটল।
সূত্র: দ্য গার্ডিয়ান