আন্তর্জাতিক

পাকিস্তানের দুই প্রদেশে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কা বিবেচনায় পাকিস্তানের দুই প্রদেশ ও এক অঞ্চলে ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো খাইবার পাখতুনখাওয়া ও সিন্ধু প্রদেশ এবং গিলগিট বালতিস্তান অঞ্চল। মূলত জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনার সুরক্ষা বজায় রাখতেই এই জরুরি পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পুরো প্রদেশে উন্মুক্ত স্থানে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) ব্যবহারের ওপর অবিলম্বে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। প্রাদেশিক স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ৩০ দিন পর্যন্ত বহাল থাকবে। বিশেষ করে প্রদেশটির দক্ষিণাঞ্চলে কোয়াডকপ্টারের সাহায্যে দূরনিয়ন্ত্রিত হামলার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

তবে ইনডোর বা প্যান্ডেলের ভেতর ছোট ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা বাহিনীর পেশাগত ব্যবহারের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।একইভাবে সিন্ধু প্রদেশেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আগামী ৬০ দিনের জন্য খোলা জায়গায় ড্রোন ও কোয়াডকপ্টার ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। 

 

প্রাদেশিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ড্রোনের অনিয়ন্ত্রিত ব্যবহার নাগরিকদের জীবন ও সম্পদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে গিলগিট বালতিস্তান অঞ্চলেও ড্রোন ওড়ানোর ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় পুলিশ। পুলিশের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা বিভাগ বাদে অন্য সবার জন্য এই আদেশ কার্যকর হবে। আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষা করাই এই সমন্বিত নিষেধাজ্ঞার মূল লক্ষ্য।

 

সূত্র: ডন

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন