বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শুরু থেকেই এই নির্বাচন বেশ উত্তাপহীন এবং ভোটগ্রহণের প্রথম ৩৫ মিনিটে মাত্র একটি ভোট পড়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে এবং সেখানে সাধারণের চলাচল সীমিত করা হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে কাউন্সিলর এবং বোর্ডের পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেছেন।
নির্বাচনে প্রার্থী হওয়া পরিচালকদের প্রায় অর্ধেকই ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—আব্দুল কাইয়ুম চৌধুরি (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা) এবং মির্জা ফয়সল আমীন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)। এছাড়া ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। ক্যাটাগরি-৩ থেকে একক মনোনয়ন দাখিলের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।
খুলনা বিভাগ থেকে মোট ৩ জন (শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম) প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখান থেকে ২ জন নির্বাচিত হবেন। এই দৌড়ে শফিকুল ও শান্তনু এগিয়ে আছেন। বরিশাল বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন (মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি), যেখানে ১টি পদের জন্য এগিয়ে আছেন মিজানুর রহমান।
অন্যদিকে, ঢাকার ক্লাবগুলো থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে শেষ পর্যন্ত ১৬ জন প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। তাদের মধ্যে পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), ফাহিম সিনহা (আবাহনী), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব) এবং ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব)। আজ সন্ধ্যায় ভোট গণনা শেষে বাকিদের নাম নিশ্চিত করা হবে।
ডিবিসি/পিআরএএন