নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ছাড়া মানুষের চাপে এবং উন্নয়ন প্রকল্পের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকে থাকতে দেখা যায়।
দীর্ঘ সময় একই স্থানে গাড়ি আটকে থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজটে আটকা পড়া ১ যাত্রী বলেন, দীর্ঘক্ষণ ধরে তাঁর বহনকারী বাসটি একই জায়গায় স্থির হয়ে আছে, যার সঠিক কারণও সাধারণ যাত্রীদের কাছে অস্পষ্ট। তবে বাস চালকদের দাবি, আসন্ন নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামে রওনা হওয়ায় সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে, যা মূলত এই স্থবিরতার প্রধান কারণ।
পরিস্থিতির বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানিয়েছেন, পুলিশের বড় একটি অংশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় সড়কে জনবল সংকটের মুখে পড়তে হচ্ছে। এর পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কার কাজের কারণে যান চলাচল এমনিতেই ধীরগতিতে চলছিল। তবে পুলিশ সদস্যরা যানজট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
ডিবিসি/টিবিএ