রাজনীতি

নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের মজুত করা হচ্ছে: আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মজুত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত গড়ে তোলা হচ্ছে এবং অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি ইসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

বিএনপির সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না। সনদে স্বাক্ষর করার পরেও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের ইশতেহারে ফুটে উঠেছে। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও তিনি মন্তব্য করেন।

 

তিনি অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে। এমন কোনো চেষ্টা করা হলে তা রাজপথে মোকাবিলার ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন ও ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিব প্রমুখ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন