বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারার অনুকরণে তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন। রোববার (৪ঠা জানুয়ারি) রাত ১০টার দিকে ফেসবুকে একটি ভিডিও বার্তা ও পোস্টের মাধ্যমে তিনি সমর্থকদের কাছে এই সহযোগিতা চান।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নদীবেষ্টিত ও প্রত্যন্ত এই জনপদে নির্বাচনী প্রচারণার ব্যয় বহন করার মতো পর্যাপ্ত ব্যক্তিগত সামর্থ্য তার নেই। তাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তিনি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা কামনা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, জনগণ প্রদত্ত প্রতিটি পয়সার আয়-ব্যয়ের হিসাব নিয়মিত স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে প্রকাশ করা হবে।
পোস্টে তিনি উল্লেখ করেন, যারা জনতার টাকায় জনমুখী রাজনীতি করতে চান, তারাই যেন এই তহবিলে শরিক হন। উল্লেখ্য, এর আগে জাতীয় নাগরিক পার্টির ডা. তাসনিম জারাও একইভাবে ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচনী তহবিলে সহায়তা চেয়েছিলেন। রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে, স্বচ্ছ ও জনসম্পৃক্ত রাজনীতির লক্ষে ব্যারিস্টার ফুয়াদও ডা. জারার দেখানো পথেই হাঁটলেন।
ডিবিসি/পিআরএএন