জাতীয়

নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তর করবে সরকার: উপ-প্রেস সচিব

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'নির্বাচনের পর কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্বাচন শেষে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য তাদের নেই।'

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া কিছু তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেন তিনি।


ফেসবুক স্ট্যাটাসে উপ-প্রেস সচিব লিখেন, 'নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এই গোষ্ঠীটি কিছুদিন আগেও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও অনিশ্চয়তা সৃষ্টি করার চেষ্টা করেছে।'


তিনি আরও লিখেন, 'নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের বিষয়টি যখন স্পষ্ট হচ্ছে, তখন একটি মহল নতুন করে ষড়যন্ত্রতত্ত্ব সামনে আনছে। এসব অপপ্রচার মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি কৌশল মাত্র।'


আবুল কালাম আজাদ মজুমদার দুঃখ প্রকাশ করে বলেন, 'লক্ষ্য করা যাচ্ছে যে, এই ধরনের অসৎ প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। তবে বাস্তবতা হলো এ ধরনের বিভ্রান্তির কোনো ভিত্তি নেই।'


তিনি পুনর্ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব কেবল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এর বাইরে সরকারের কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক অভিসন্ধি নেই। জনমনে বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন