বাংলাদেশ, জেলার সংবাদ

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে: নৌবাহিনী প্রধান

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ভোলা সফর করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং বিভিন্ন সংস্থার মধ্যকার সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নৌবাহিনী প্রধান জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন যাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে, সেজন্য নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয়ের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে। ভোটগ্রহণের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে ভোটের দিন এবং ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা নেওয়া হবে। মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন