বাংলাদেশ, জাতীয়

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২:১১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি অভিনন্দন জানান শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। 

 

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক পথে এগিয়ে নিয়ে যাবেন। এই বিশেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে আশা প্রকাশ করেন যে, তাঁদের আদর্শ নবনির্বাচিত নেতৃত্বের চলার পথকে আলোকিত করবে।

 

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে অর্থনৈতিক রূপান্তর ও প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন

 সম্ভাবনার দ্বারপ্রান্তে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুসমন্বিত মেধা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং দেশে আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

 

অধ্যাপক ইউনূস তাঁর বার্তায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তাঁর ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে, দেশের মানুষের কল্যাণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন