জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাজ সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ‘ডিজিটাল অ্যাক্রিডিটেশন ও কার্ড ইস্যুয়েন্স সফটওয়্যার’ তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সফটওয়্যারের প্রয়োজনীয় রূপরেখা (এসআরএস) চূড়ান্ত করতে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, আইএফইএস এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে আহ্বায়ক এবং জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে অনলাইন ও ডিজিটাল অ্যাক্রিডিটেশন ব্যবস্থার কারিগরি সীমাবদ্ধতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য রয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের কার্ড পেতে ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।
তিনি জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এরপর কমিশনের অনুমোদন নিয়ে নতুন সফটওয়্যারের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে।
ডিবিসি/এসএফএল