আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণ।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) স্থাপিত গাজীপুর আর্মি ক্যাম্পে তিন বাহিনীর প্রধান এই বিশেষ সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিন বাহিনীর প্রধানগণ ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসামরিক প্রশাসন এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আলোচনার মূল লক্ষ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করা।
সভায় তিন বাহিনীর প্রধানগণ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা দায়িত্বরত সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে ধৈর্যশীল ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটের মধ্যে নিবিড় সমন্বয়ের আহ্বান জানানো হয়।
পরিদর্শনকালে তিন বাহিনী প্রধানগণ 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/পিআরএএন