জাতীয়, রাজনীতি

নির্বাচন করতে সাধারণ মানুষের ২৭ লাখ টাকা অনুদান পেয়েছেন আখতার হোসেন

সিনিয়র রিপোর্টার, রংপুর

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুর ভোটের পরিবেশ নিয়ে প্রশাসনের দুর্বলতা দৃশ্যমান এবং এ অবস্থা দিনভর বজায় থাকলে সুষ্ঠু ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১-দলীয় জোট প্রার্থী আখতার হোসেন। এ সময়ে তিনি জানান, নির্বাচন করতে ২৭ লাখ টাকা অনুদান পেয়েছেন।

বৃহস্পতিবার (‌১২ ফেব্রুয়ারি) সকালে কাউনিয়ার ভায়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের মাকে নিয়ে ভোট দিতে আসেন আখতার হোসেন। সেখানে তার মায়ের মাধ্যমে ‘শাপলাকলি’ প্রতীকে ভোটের সূচনা করে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন।

 

নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ করে আখতার হোসেন বলেন, গত রাত থেকেই বিভিন্ন স্থানে নানা ধরনের অনিয়ম সংগঠিত হচ্ছে। শাপলাকলি প্রতীকের সমর্থকদের মারধর, রক্তপাত ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ছাড়াও মাইক কেড়ে নেওয়া এবং নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগও তোলেন তিনি। আখতার হোসেন সতর্ক করে বলেন, "এ অবস্থায় প্রশাসন দায়িত্বশীল না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

 

নির্বাচনী প্রচার ও জনসমর্থন নিয়ে তিনি জানান, ভোটের মাঠে বর্তমানে ‘দাঁড়িপাল্লা’ ও ‘শাপলাকলি’র পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। বিশেষ করে তরুণদের প্রতি তাদের অঙ্গীকার থাকায় সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন পরিচালনার জন্য সাধারণ শ্রমজীবী মানুষ ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত স্বেচ্ছায় অনুদান দিয়েছেন, যার পরিমাণ প্রায় ২৭ লক্ষ টাকা।

 

ভোটদান শেষে আখতার হোসেনের মা রোকেয়া বেগম তার ছেলের পক্ষে সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এদিকে সকাল থেকেই রংপুরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশা উপেক্ষা করে সূর্য ওঠার আগেই কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হতে থাকেন। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া নতুন ভোটাররা নির্বিঘ্নে তাদের জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন