সংসদ নির্বাচন উপলক্ষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন সীমিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো এক নির্দেশনায় এই সীমাবদ্ধতার কথা জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, আজ থেকে শুরু করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে বা উত্তোলন করতে পারবেন, তবে প্রতিবারে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
এছাড়া ব্যাংকগুলোর জন্য দেওয়া অভ্যন্তরীণ এক নির্দেশনায় জানানো হয়েছে, গ্রাহকপ্রতি দৈনিক নগদ লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক লাখ টাকা। নির্বাচনের সময় সার্বিক আর্থিক নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ডিবিসি/আরএসএল