বাংলাদেশ

নির্বাচিত সরকারের সঙ্গে মসৃণ সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে গঠিত হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে দ্রুততম সময়ে অংশীদারিত্ব ও মসৃণ সম্পর্ক নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।

সেই লক্ষ্যেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরের আগেই, অর্থাৎ মার্চের শুরুতে তিনি ঢাকায় আসবেন।

 

কূটনৈতিক সূত্রমতে, আগামী ৬ থেকে ৯ মার্চ পল কাপুর বাংলাদেশ সফর করতে চান। ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট সূত্রগুলো এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। মূলত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সংকল্প নিয়েছে যুক্তরাষ্ট্র, আর সেই বার্তা নিয়েই পল কাপুর ঢাকায় আসছেন। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়েই এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারি মাসে পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদের জন্য মনোনীত করেন এবং অক্টোবরে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদনের পর তার নিয়োগ চূড়ান্ত হয়। গত বছরের জুনে সিনেটের শুনানিতে পল কাপুর বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অর্থনীতি বৃহত্তম। তিনি দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

পেশাগত জীবনে এস পল কাপুর দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করেছেন। ২০২০-২০২১ সালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে কাজ করেছেন। এছাড়া ক্লারমন্ট ম্যাককেনা কলেজ ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন