আন্তর্জাতিক, আমেরিকা

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনও চুক্তি নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর এক সপ্তাহ পার হতে না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে তাঁর দাবির তীব্রতা বাড়িয়ে দিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানকে ‘শর্তহীন আত্মসমর্পণ’ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, "শর্তহীন আত্মসমর্পণ ব্যতিরেকে ইরানের সাথে কোনো চুক্তি হবে না!"


এর আগে ট্রাম্প রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে তাঁর (যুক্তরাষ্ট্রের) মতামত দেওয়ার অধিকার থাকতে হবে। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন।


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে ট্রাম্পের এই কঠিন শর্তের পর সেই সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


বৈরুতে নজিরবিহীন উচ্ছেদ আদেশের পর লেবাননের রাজধানীতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এছাড়া তেহরানে খামেনেইর সেই ধ্বংসপ্রাপ্ত বাঙ্কারে আবারও বিমান হামলা চালিয়েছে তারা।


ট্রাম্প তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, "আত্মসমর্পণের পর এবং একজন 'চমৎকার ও গ্রহণযোগ্য' নেতা নির্বাচনের পর, আমরা এবং আমাদের সাহসী মিত্ররা ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করব। আমরা ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও উন্নত করে গড়ে তুলব।"


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, "আমরা অঞ্চলে স্থায়ী শান্তির পক্ষে, কিন্তু দেশের মর্যাদা রক্ষায় আমরা বিন্দুমাত্র পিছপা হব না। মধ্যস্থতা তাদের সাথেই হওয়া উচিত যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের আগুন জ্বালিয়েছে।"


বর্তমানে খামেনেইর অনুপস্থিতিতে একটি বিশেষ প্যানেল ইরানের রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা করছে, যার অন্যতম সদস্য প্রেসিডেন্ট পেজেশকিয়ান।


ইসরায়েলি বাহিনী শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। পাশাপাশি ৫০টি যুদ্ধবিমান দিয়ে তেহরানের সেই বাঙ্কারে হামলা চালানো হয়েছে, যা বর্তমানে ইরানের নেতৃত্ব ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন