কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি মো. শাহিন শেখকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর বিমানবন্দর থানা থেকে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় রাজবাড়ী সদর থানা পুলিশ।
এর আগে, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কাতার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল।
শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ৪টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, সন্ধ্যায় রাজবাড়ী থানা পুলিশের একটি দল বিমানবন্দর থানা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে। আগামীকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডিবিসি/কেএলডি