শেষ ম্যাচে জয়ের পরিকল্পনার পাশাপাশি কোচ লিওনেল স্কালোনির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনার সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি।
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে কোচ স্কালোনির চিন্তা বাড়াচ্ছে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য মেদিনা আর পারেদেস এর হলুদ কার্ড!
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে এই দুই খেলোয়াড় একটি করে হলুদ কার্ড দেখেছেন। মূলত বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বাড়ায় ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে কিছু পরিবর্তন এনেছে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে বাতিল করা হবে; গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব শুরু হবে তখন আগের কার্ডগুলো আর কার্যকর থাকবে না এবং কোয়ার্টার ফাইনাল শুরুর আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব নতুন করে শুরু হবে। কিন্তু এই নিয়মের মাঝেই জর্ডানের বিপক্ষে ম্যাচে পারেদেস বা মেদিনার কেউ যদি আবার একটি হলুদ কার্ড দেখেন, তবে পরবর্তী ম্যাচে অর্থাৎ নকআউট পর্বের প্রথম ম্যাচে তারা নিষিদ্ধ হয়ে পড়বেন।
গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে নিজেদের সেরা খেলোয়াড়দের হারাতে চাইবে না আর্জেন্টিনা, কারণ এটি দলের জন্য বড় ধরনের কৌশলগত সমস্যার কারণ হতে পারে। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে এই দুই খেলোয়াড়কে মাঠে নামানো হবে নাকি কার্ডের ঝুঁকি থেকে বাঁচাতে বিশ্রামে রাখা হবে, তা নিয়ে এখন কোচিং স্টাফে চলছে গভীর বিশ্লেষণ। এখন দেখার বিষয়, জর্ডানের বিপক্ষে মাঠে নেমে কোচ স্কালোনি কীভাবে জয়ের লক্ষ্য ও নিষেধাজ্ঞার ঝুঁকির এই সমীকরণ সামলান।
ডিবিসি/এফএইচআর