জেলার সংবাদ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছেলে। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জে গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নিলসাগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা নিহতের পরিচয় শনাক্ত করতে না পারায় পরবর্তীতে সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতায় তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

 

নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

সেখানে চাকরিরত অবস্থায় ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন চাকরিতে যোগদানের অপেক্ষায় ছিলেন। কেন তাঁর এভাবে মৃত্যু হলো, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

 

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন