নীলফামারীর কিশোরগঞ্জে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে রেজাউল করিম নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং মাগুরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাগুড়া দোলাপাড়া এলাকার মিষ্টু মিয়া ও তার ছেলে আদম আলী।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলেদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
গত সোমবার রেজাউল করিম আত্মীয়-স্বজনসহ ফুফা আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াত খেতে যান। ওই সময় আমিন উদ্দিনের অপর ভাই ও তার ছেলেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রেজাউল করিমসহ দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এই ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
ডিবিসি/টিবিএ