নীলফামারীর সৈয়দপুরে অসুস্থ মায়ের আরোগ্য কামনায় এক সন্তানের বিশেষ দানের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শহরের সাহেবপাড়া হানিফ মোড় এলাকার মসজিদে আলী (রা.)-এর দানবাক্স খুলে নগদ টাকার পাশাপাশি এক জোড়া সোনার কানের দুল ও একটি আবেগঘন চিরকুট পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দানবাক্স খোলার সময় এই দানটি মসজিদ কমিটির নজরে আসে। গোলাপি কাগজে মোড়ানো ওই চিরকুটে লেখা ছিল- 'আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়, আমিন।’
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, প্রতি দুই মাস অন্তর কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এবার খোলার পর দেখা যায়, নগদ ৭ হাজার টাকার পাশাপাশি একটি চিরকুট ও এক জোড়া স্বর্ণের কানের দুল রয়েছে। স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে যাচাই করে দেখা গেছে, দুলজোড়ার বর্তমান বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।
শাহাজাদা আলম আবেগাপ্লুত হয়ে বলেন, এটি শুধু একটি দান নয়, বরং মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসা ও অসহায়ত্বের এক অনন্য বহিঃপ্রকাশ। চিরকুটের লেখাটি পড়ে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, ইসলামে দানের ক্ষেত্রে নিয়তই সবচেয়ে বড় বিষয়। এই দানটি আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা ওই সন্তানের মায়ের দ্রুত সুস্থতা কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন উনাকে দ্রুত শেফা দান করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে এটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ওই অজ্ঞাত পরিচয় সন্তানের এমন আন্তরিকতার প্রশংসা করছেন।
ডিবিসি/এসএফএল