রাজনীতি

নীলফামারীতে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রীকে আনা হলো ঢাকায়, এভারকেয়ারে ভর্তি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার অসুস্থতার পর তাকে সৈয়দপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে এদিন সকাল সোয়া ৮টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নেমে রেস্টরুমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ তিনি মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে তাকে দেখতে যান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের পরামর্শে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে তিনি সাধারণ ফ্লাইটে যেতে পারেননি।

 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, পরে বেলা ৩টা ২০ মিনিটে মন্ত্রীকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

 

সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার জানান, এয়ার অ্যাম্বুলেন্সে ত্রাণমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনও ঢাকায় গেছেন। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আসাদুল হাবিব দুলুর চিকিৎসা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন