ব্রাজিলিয়ান জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা আর মাঠের লড়াই। কিন্তু এবার যা শোনা যাচ্ছে, তা শুধু মাঠের নয়, একেবারে এই পৃথিবীর বাইরের বিষয়! এক ব্রাজিলীয় জ্যোতিষী দাবি করেছেন, আগামী ২৪ জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ড ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন মাঠে হাজির হবে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা। শুধু তা-ই নয়, মাঠ থেকেই ফুটবলার ও দর্শকদের গণ-অপহরণ করা হবে বলে তার দাবি।

৪০ বছর বয়সী ওই ভবিষ্যৎবক্তার নাম অ্যানাটসিয়া দা সিলভা গনকালভেস, তবে অনুসারীদের কাছে তিনি ভো বাহিয়ানা নামে পরিচিত। ব্রাজিলের বালনিয়ারিও কাম্বোরিউ-এর বাসিন্দা, চার সন্তানের জননী ভো বাহিয়ানা একটি আবেগঘন ভিডিও বার্তায় বলেন, বন্ধুরা, আমি আবারও স্বপ্নে দেখেছি মিয়ামির ফুটবল মাঠে এলিয়েনরা আক্রমণ করেছে। আমি স্পষ্টভাবে দেখেছি প্রথম যে মহাকাশযানটি এসেছিল, সেটি খেলোয়াড়দের তুলে নিয়ে যাচ্ছে। আমিও সেই যানের ভেতরে ছিলাম। এরপর একটি বিশাল মাদারশিপ (মূল যান) এসে মাঠ থেকে হাজার হাজার মানুষকে তুলে নেয়। চারদিকে শুধু চিৎকার, কান্না আর আর্তনাদ ছিল। আমি ভীষণ আতঙ্কিত।


তার দাবি অনুযায়ী, দুই ধরনের ভিনগ্রহের প্রাণী মাঠে আসবে। একদল হবে ধূসর রঙের শান্ত প্রকৃতির এলিয়েন। অন্য দলটি হবে অত্যন্ত ভয়ানক ও হিংস্র সরীসৃপ বা রেপটিলিয়ান প্রজাতির, যাদের দেখতে কুমির, টিকটিকি ও সাপের মিশ্রণের মতো। তারা নাকি মানুষের দিকে তাকিয়ে জিভ চাটতে চাটতে নির্মমভাবে অপহরণ চালাবে।


এই ভবিষ্যদ্বাণী স্কটল্যান্ড সমর্থকদের জন্য বেশ উদ্বেগের। কারণ ভো বাহিয়ানার মতে, স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসন, তারকা মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে এবং ভক্তদের প্রিয় জন ম্যাকগিনকে এলিয়েনরা ধরে নিয়ে যাবে। বাদ যাবেন না ব্রাজিলের নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়রও। স্টেডিয়ামের প্রায় ৭০০ জন দর্শকও এই অপহরণের শিকার হবেন।


তবে স্কটল্যান্ডের জন্য কিছুটা ভালো খবরও দিয়েছেন এই রহস্যময়ী নারী। তিনি জানান, স্কটল্যান্ডের প্রতি তার একটি গভীর আধ্যাত্মিক টান রয়েছে এবং এলিয়েনরা আসার আগে চলতি বিশ্বকাপে স্কটল্যান্ড সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত ফুটবল খেলবে। যদিও শেষ পর্যন্ত এলিয়েনদের হানায় বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন ধূলিসাৎ হতে পারে। এই ঘটনার পর পুরো পৃথিবী এক মহাবিপর্যয়ের মুখে পড়বে বলেও তিনি সতর্ক করেছেন।


হাস্যকর শোনালেও, ভো বাহিয়ানাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি তার ভক্তদের। এর আগে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর জেল হওয়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা এবং কোভিড-১৯ মহামারীর মতো বড় বড় ঘটনার সঠিক পূর্বাভাস দিয়ে ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। রাশিফল, ট্যারোট কার্ড এবং সমুদ্রের কড়ি ছুঁড়ে ভূত-ভবিষ্যত গণনা করায় তার বেশ নামডাক রয়েছে।


এদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে পা রাখা স্কটল্যান্ড দল আগামীকাল ভোর ২টায় হাইতির বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। বস্টনের জিলেট স্টেডিয়ামে এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাজার হাজার স্কটিশ সমর্থক ভিড় জমিয়েছেন। এখন দেখার বিষয়, আগামী ২৪ জুনের ম্যাচে মাঠের ফুটবলের চেয়ে আকাশের দিকেই বেশি চোখ থাকে কি না ফুটবলপ্রেমীদের!


সূত্র: দ্য সান


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন