খেলাধুলা, ফুটবল

নেইমার ফিরলেও স্কটল্যান্ডের বিপক্ষে খেলা নিশ্চিত নয়: আনচেলত্তি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হাইভোল্টেজ তৃতীয় গ্রুপ ম্যাচের আগে বড় স্বস্তি সেলেসাও শিবিরে। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত দলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন কোচ কার্লো আনচেলোত্তি।

প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপের স্কোয়াডে ফিরিয়ে আনা হয়। তবে চোটের কারণে চলতি টুর্নামেন্টে এখনো মাঠে নামা হয়নি তার। 

 

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য উপলব্ধ থাকবে। সে ফিরে আসায় আমরা খুব খুশি, কারণ তার দক্ষতা দিয়ে সে দলকে সাহায্য করতে পারবে।’

 

নেইমার কতটুকু সময় খেলতে পারবেন এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ রসিকতা করে ৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘সে ৯০ মিনিট খেলতে পারবে-হেঁটে! না, রসিকতা বাদ দিলে সে এখন ঠিক আছে। খুব ভালো কাজ করেছে এবং অনুশীলনও দারুণ হয়েছে।’ মাঠে না খেললেও নেইমারের অভিজ্ঞতা ও খেলার জ্ঞান তরুণ খেলোয়াড়দের দারুণভাবে সাহায্য করছে বলে জানান তিনি।

 

নেইমারের ফেরার আনন্দের মাঝেও ব্রাজিল শিবিরে রয়েছে চোটের ধাক্কা। হ্যামস্ট্রিং সমস্যার কারণে মাঠের বাইরে চলে গেছেন উইঙ্গার রাফিনহা। স্কটল্যান্ড ম্যাচে তার বিকল্প হিসেবে শুরুর একাদশে কে খেলবেন, তা কৌশলগত কারণেই প্রকাশ করতে রাজি হননি কোচ।

 

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ‘রাউন্ড অফ ৩২’ নিশ্চিত হবে।

 

দলীয় পারফরম্যান্সের গ্রাফ নিয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপে এই জার্সির প্রতিনিধিত্ব করার পেছনে আমাদের অনেক বড় দায়বদ্ধতা রয়েছে। আমার মনে হয় প্রথম ম্যাচটা সেরা ছিল না, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো ছিল এবং আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ম্যাচটিই আমাদের সেরা হবে।’

 

প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল বস। এক জয় ও এক পরাজয় নিয়ে স্কটল্যান্ড বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। স্কটিশদের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ওদের মান আছে। ওরা লড়াকু এবং সুসংগঠিত। (স্কট) ম্যাকটোমিনে এবং (জন) ম্যাকগিন অভিজ্ঞ খেলোয়াড়, যারা এই ধরনের ম্যাচ খেলতে অভ্যস্ত। বিশ্বকাপের সহজ ম্যাচগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই আমরা একটি কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত।’

 

মঙ্গলবার নিউ জার্সি থেকে ব্রাজিল দলের মিয়ামিগামী ফ্লাইটটি বিলম্বিত হওয়ায় আনচেলোত্তির সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যায়। তবে কোচ হিসেবে নিজের প্রথম বিশ্বকাপের আনন্দকে এই ছোটখাটো সমস্যায় ম্লান হতে দিতে চান না তিনি।

 

আনচেলত্তি হাসিমুখে বলেন, ‘আজকের আগে সবকিছু নিখুঁত ছিল। আজ ছোট একটা সমস্যা হয়েছে, যা হতেই পারে। তবে এই বিশ্বকাপটা আমাদের জন্য ভালো করার মতো যোগ্যতা ও আত্মবিশ্বাস আমাদের আছে। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে, কিন্তু যাই হোক না কেন, এটা একটা দারুণ অভিজ্ঞতা-এমনকি যদি আমাকে রাত নয়টায় সংবাদ সম্মেলনও করতে হয়!’

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন