খেলাধুলা, ফুটবল

নেইমার বিশ্বের প্রথম ‘ওয়ার্ক-ফ্রম-হোম’ ফুটবলার: ব্রাজিল প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনজুরির কারণে বিশ্বকাপে এখনো মাঠে নামতে না পারা নেইমারকে জাতীয় দলের প্রথম ‘ওয়ার্ক-ফ্রম-হোম’ বা বাসা থেকে কাজ করা খেলোয়াড় বলে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে এই ফরোয়ার্ড দলে ফিরতে পারবেন কি না, সে অপেক্ষায় রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

বেলো হরিজন্তেতে ব্রাজিলের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য ক্যানসার চিকিৎসায় বিনিয়োগ ঘোষণার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট লুলা দর্শকদের সারিতে থাকা এক ছেলের কাছে জানতে চান, তার মতে জাতীয় দলের সেরা খেলোয়াড় কে। ছেলেটি ‘নেইমার’ উত্তর দিলে লুলা হাসতে হাসতে বলেন, নেইমার তো খেলছেই না। সে হলো বিশ্বের প্রথম ‘ওয়ার্ক-ফ্রম-হোম’ জাতীয় দলের খেলোয়াড়। প্রেসিডেন্ট আরও বলেন, গতকাল তিনি ইন্টারনেটে এই জোকসটি দেখেছেন। যেকোনো দিন হয়তো তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এগারোজন পেলের সমন্বয়ে একটি জাতীয় দল তৈরি করতে হবে।

 

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কট্টর সমর্থক নেইমার গত এক মাস ধরে পায়ের পেশির (কাফ) ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই করছেন এবং এবারের বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ খেলতে পারেননি। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র এবং শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়েও তিনি অনুপস্থিত ছিলেন।

 

দলের সাথে ফিলাডেলফিয়ায় না গিয়ে নিউজার্সিতে ব্রাজিলের বেস ক্যাম্পেই থেকেৃ যান নেইমার। আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শনিবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের অনুশীলন কেন্দ্রে শারীরিক ও বল নিয়ন্ত্রণের অনুশীলনে অংশ নেন। তার সাথে ছিলেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো, তিনিও আগের ম্যাচটি মিস করেছেন।

 

হাইতি ম্যাচের পর কোচ আনচেলত্তি জানিয়েছিলেন, স্কটল্যান্ড ম্যাচের জন্য নেইমারকে দলে ফেরানো হবে, তবে তার খেলার বিষয়টি এখনো অনিশ্চিত। দ্রুত সুস্থ হয়ে ওঠার আশায় নেইমার নিউজার্সিতে দিনে দুবার করে অনুশীলন করছেন। সোমবার ও মঙ্গলবারের অনুশীলন সেশনে আনচেলত্তি তার অবস্থা মূল্যায়ন করে তিনি খেলতে পারবেন কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন