আন্তর্জাতিক

নেতানিয়াহুর স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম ইসরায়েলি বিরোধী নেতার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন। গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন- সারার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা নেতানিয়াহু দাবি করেন, হামলার দিন ভোরেই ইয়ার গোলান গাজার কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন এবং তিনি প্রস্তুত ছিলেন। সারার এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ ও মিথ্যা ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন গোলান। তার মতে, এর মাধ্যমে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং জীবন বাঁচাতে এগিয়ে যাওয়া মানুষদের বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে।


সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান স্পষ্ট জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং ক্ষতিপূরণ না দিলে তিনি সারার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। ক্ষতিপূরণের অর্থ নোভা মিউজিক উৎসবের বেঁচে যাওয়া হামলায় ক্ষতিগ্রস্তদের অনুদান হিসেবে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি পরবর্তী সরকারে যোগ দিলে ৭ অক্টোবরের হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন