আন্তর্জাতিক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জীবিত থাকা না-থাকা নিয়ে চলমান রহস্য নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার একটি কফিশপে বসে থাকার ভিডিও পোস্ট করার পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘গ্রোক’ সেটিকে ‘ডিপফেক’ বলে অভিহিত করেছে। নেতানিয়াহুর নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পোস্ট করা এই ভিডিওটিকে গ্রোক একটি ‘স্যাটায়ার’ বা ব্যঙ্গাত্মক ভিডিও হিসেবে বর্ণনা করেছে।

এআই চ্যাটবটটির বিশ্লেষণ অনুযায়ী, ভিডিওটিতে কফির কাপের স্তরে কোনো পরিবর্তন না হওয়া এবং অডিওর সঙ্গে ঠোঁটের নড়াচড়ার অসামঞ্জস্যতা প্রমাণ করে যে এটি বাস্তব কোনো ফুটেজ নয়।

 

গ্রোকের এই দাবি অনলাইনে নেতানিয়াহুর প্রকৃত অবস্থান নিয়ে জনমনে সংশয় ও জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে গ্রোক স্পষ্টভাবে জানিয়েছে যে, ইরান সংঘাতের মধ্যে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের জবাব দিতেই সম্ভবত এআই প্রযুক্তির সাহায্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওর ভিজ্যুয়াল অসামঞ্জস্যতাগুলো এটি ভুয়া হওয়ার অকাট্য ইঙ্গিত দেয় বলে চ্যাটবটটি উল্লেখ করেছে। এই বিতর্কের মধ্যেই সোমবার ১৬ মার্চ নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে আরও একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়, যেখানে তাকে গাছপালা ও পাহাড়ের পটভূমিতে ইসরায়েলিদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে নতুন এই ভিডিওটির সত্যতা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে কারণ গত রোববার ইরান তাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ-র এক পোস্ট অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অঙ্গীকার করেছে যে নেতানিয়াহু বেঁচে থাকলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। একদিকে এআই প্রযুক্তির ধোঁয়াশা আর অন্যদিকে তেহরানের সরাসরি হুমকি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহুর অবস্থান এখন বিশ্বরাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন