জেলার সংবাদ

নেত্রকোণায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বামী-সন্তান গুরুতর আহত

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোণা শহরের উত্তর কাটলী এলাকায় নিজ বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও সন্তান।

সোমবার (১ জুন) রাত ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম মনোয়ারা বেগম (৫২)। আহতরা হলেন- তার স্বামী আবুচান মিয়া (৬০) ও ছোট ছেলে মুন্না মিয়া (২৫)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী আবদুল্লাহ রশিদ কয়েকজন সহযোগী নিয়ে মনোয়ারা বেগমের বাসায় প্রবেশ করেন। ঘরে ঢুকেই তারা মনোয়ারা বেগমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় মনোয়ারা বেগম চিৎকার শুরু করলে হামলাকারীরা তাকে গলা কেটে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ছোট ছেলে মুন্না মিয়া ও স্বামী আবুচান মিয়া তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়।


পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আবুচান ও মুন্না মিয়াকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে মূল ঘাতক আবদুল্লাহ রশিদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন