নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কাপড় ব্যবসায়ী ও এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিমপাড়া গ্রামের মো. সুরুজ আলীর বড় ছেলে শামসুল হুদা সকালে বিলে মাছ ধরতে যান।
পেশায় কাপড় ব্যবসায়ী এই ব্যক্তি মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্যদিকে, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন রাজিব মিয়া (২৪) নামে এক যুবক। তিনি ওই গ্রামের সোনালী মিয়ার ছেলে এবং একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমি থেকে মাছ ধরার ফাঁদ তুলতে যান রাজিব। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে নিহত ওই দুই ব্যক্তির পরিবারকে সরকারিভাবে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ডিবিসি/টিবিএ