জেলার সংবাদ

নেত্রকোণায় সরকারি ঔষধ পুড়িয়ে ফেলার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই বিপুল পরিমাণ সরকারি ওষুধ পুড়িয়ে ধ্বংস করার গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালটির ওষুধ সংরক্ষণ ও বিতরণের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্টোর কিপার তৌকিক চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। তবে ওষুধ চুরি বা অন্য কোনো বড় অনিয়ম আড়াল করতেই এই ঘটনা ঘটানো হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

গত ১২ আগস্ট বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে এলে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং নেত্রকোণার সিভিল সার্জনকে অবহিত করা হয়। এরপর ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং ইতোমধ্যে তারা সেই প্রতিবেদন জমা দিয়েছেন। সরকারি ওষুধ নষ্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকলেও কার অনুমতিতে এবং কেন এসব ওষুধ ধ্বংস করা হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

 

এ বিষয়ে নেত্রকোণার সিভিল সার্জন ডা. গোলাম মওলা নইম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনটি জমা হয়েছে এবং জেলা পর্যায়ের পর্যালোচনা কমিটি তাদের নির্ধারিত সাপ্তাহিক সভায় এটি যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে, মদন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা সরকারি ওষুধ বিনা অনুমতিতে পুড়িয়ে ফেলার এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন সবার নজর তদন্ত প্রতিবেদনের ফলাফল এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন