বাংলাদেশ, জেলার সংবাদ

নেত্রকোণায় সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোণা সদর উপজেলার হাটখলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর নেত্রকোণা সদর উপজেলার হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম জহিরুল হক বকুল, তিনি মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অধিক মুনাফার লোভে ওই ব্যবসায়ী অবৈধভাবে ডিজেল মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হলে জহিরুল হকের গুদাম ঘরে ড্রামভর্তি সাড়ে ৩ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রির সত্যতা মেলায় ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং সব তেল জব্দ করা হয়।

 

এ বিষয়ে নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন