জেলার সংবাদ

নেত্রকোনায় কবরস্থানের জায়গা নিয়ে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের জায়গার নিয়ন্ত্রণ নিয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

শনিবার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের পানিশ্বরপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

গ্রামবাসীর অভিযোগ, কবরস্থানের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে পানিশ্বরপাড়া গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী আমগড়া ও নল্লাপাড়া গ্রামবাসীর বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পানিশ্বরপাড়া গ্রামে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ৩৫ থেকে ৪০টি বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। হামলায় একটি রাইসমিলসহ গবাদিপশুরও ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, এই তাণ্ডবে তাদের প্রায় এক কোটি টাকার সম্পদ লুট হয়েছে।

 

হামলার এই ঘটনায় আহত বেশ কয়েকজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধন থেকে গ্রামবাসী হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

 

এদিকে অভিযুক্তরা এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি রুকন উদ্দিন পাঠান জানিয়েছেন, এটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটা একটি ঘটনা এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন