নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পায়ে ধাক্কা লাগার জেরে অঙ্কিত বর্মন (৩) নামে এক শিশুকে গলা কেটে হত্যার নির্মম ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচি ফুলরানি বর্মণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
পুলিশের দেওয়া তথ্যমতে, ঘটনার সময় ফুলরানি বর্মণের সন্তানদের সঙ্গে শিশু অঙ্কিতের ঝগড়া চলছিল। ঝগড়ার একপর্যায়ে অঙ্কিত তার চাচির পায়ে ধাক্কা দিলে ফুলরানি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শিশুটিকে পাশের ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। নিহত অঙ্কিত বর্মণ উপজেলার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। তার বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কয়েক দিন আগেই শিশুটি তার দাদির সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল।
সোমবার দুপুরে খেলার সময় তাকে গলায় কাটা অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ মোট চারজনকে আটক করে। আটককৃতরা হলেন অঙ্কিতের চাচা রাজন চন্দ্র বর্মণ, আরেক চাচা লিটন বর্মণের স্ত্রী ফুলরানি বর্মণ এবং আত্মীয় সুকুমার বর্মণ ও তার স্ত্রী মায়ারানি বর্মণ। হত্যার বিষয়টি প্রকাশ পাওয়ার পর নিহত অঙ্কিতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার আদালত আটককৃত চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মোহনগঞ্জ থানার ওসি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
ডিবিসি/আরএসএল