নেত্রকোণা সদর উপজেলায় পুলিশ দেখে পালাতে গিয়ে খালে পড়ে সাব্বির শেখ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ করেছে নিহতের পরিবার। মঙ্গলবার বিকেলে উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শহরের মেছুয়াবাজার এলাকার ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপ-পরিদর্শক (এসআই) রাজন মিয়ার নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে বের হয়। পথে পুলিশের ওই দলটিকে দেখে কয়েকজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাব্বির শেখ হরিখালি খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে খাল থেকে উদ্ধার করে।
ডিবি পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিবারের দাবি, সাব্বিরের মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।