জেলার সংবাদ

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রোল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে লাইসেন্সবিহীন ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমানের গুদামে তল্লাশি চালানো হয়। এ সময় ৬টি ড্রামে (৩টি ভর্তি ও ৩টি আংশিক ভর্তি) মজুত রাখা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে লাইসেন্স ছাড়াই চড়া দামে খুচরা বিক্রি করছিলেন।

 

ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এদিকে, জব্দ করা পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে সরকার নির্ধারিত মূল্যে ও পরিমাণে রামপুর বাজারে প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযান শেষে ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন