বাংলাদেশ, জেলার সংবাদ

নেত্রকোনায় ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোনা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ফজিলা আক্তার (৩৮) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের জয়নগর এলাকায় অবস্থিত ‘নিউ লাইভ হাসপাতাল প্রাইভেট লিমিটেডে’ এই ঘটনা ঘটে।

মৃত ফজিলা আক্তার সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী। প্রসূতির মৃত্যু হলেও সিজারিয়ানে জন্ম নেওয়া নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ফজিলাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল তিনটার দিকে গাইনি চিকিৎসক শাহিন সুলতানা ও অ্যানেসথেশিয়া চিকিৎসক ইরফাতের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। 

 

অভিযোগ উঠেছে, অপারেশনের পর রোগীকে যথাযথ পর্যবেক্ষণ না করেই চিকিৎসকরা ক্লিনিক ত্যাগ করেন এবং পরবর্তী দায়িত্ব সহকারীদের ওপর ছেড়ে দেন। একপর্যায়ে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে তড়িঘড়ি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। তবে সেখানে পৌঁছানোর আগেই পথিমধ্যে ফজিলার মৃত্যু হয়।

 

ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা চিকিৎসকের অবহেলা এবং হাসপাতালের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। নিহতের ভাই মুজাহিদুল ইসলাম হৃদয় অভিযোগ করেন, অনুমোদনহীন একটি বাসাবাড়িতে ক্লিনিক পরিচালনা করে রোগীদের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে। 

 

এদিকে স্থানীয়দের মাঝে গুঞ্জন উঠেছে যে, একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজ সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনরা এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করছেন এবং সংবাদকর্মীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করছেন।

 

ঘটনার পর থেকে হাসপাতালের পরিচালক আবির হোসাইনসহ অভিযুক্ত চিকিৎসকরা পলাতক রয়েছেন। এ বিষয়ে নেত্রকোনার সিভিল সার্জন গোলাম মৌলা জানান, বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন