নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গারো পাহাড় সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঐ যুবকের নাম প্রান্ত রাংসা (২১), তিনি ভবানীপুর গ্রামের লিপশন নকরেকের ছেলে।
দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, এলাকাটি ভারতীয় সীমান্ত সংলগ্ন হওয়ায় প্রায়ই বন্য হাতির দল কৃষকের পাকা ধান খেতে লোকালয়ে নেমে আসে। মঙ্গলবার রাতেও একদল কৃষক ধানি জমি পাহারা দিতে এবং হাতি তাড়াতে মাঠে অবস্থান নিয়েছিলেন।
পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত হঠাৎ একটি বন্য হাতির সামনে পড়ে যান। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতিটি তাকে তাড়া করে ধরে ফেলে এবং বুকে মারাত্মক আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্য হাতির আক্রমণে প্রাণ হারানো এই যুবকের পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করা হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/আরএসএল