রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ও পারিবারিক নীতিবিচ্যুতির অভিযোগে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর মো. জাহিদুর রহমান ছোটনকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা মীর আব্দুল খালেক। গত মঙ্গলবার (১০ মার্চ) নেত্রকোনা আদালতের মাধ্যমে নোটারি পাবলিক করে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরদিন বুধবার ছাত্রলীগ নেতা ছোটন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোটারির কপি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন।
মীর আব্দুল খালেক নোটারিতে উল্লেখ করেছেন, তার পরিবারের অধিকাংশ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক। কিন্তু ছোট ছেলে জাহিদুর রহমান ছোটন কৈশোর থেকেই পারিবারিক নীতির বাইরে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। রাজনৈতিক এই মতবিরোধ এবং বিভিন্ন সময় মৌলিক চাহিদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সাথে তার দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক তৈরি হয়। নোটারিতে আরও উল্লেখ করা হয়, ছোটন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে নিজস্ব মতে চলার অধিকার রাখলেও তার কোনো কর্মের দায়ভার পরিবার বহন করবে না। এই প্রেক্ষিতে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয়েছে।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছোটনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই তার রাজনৈতিক ত্যাগের প্রশংসা করে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিজের আবেগঘন স্ট্যাটাসে জাহিদুর রহমান ছোটন লিখেছেন, বছরের পর বছর ধরে পরিবারের সাথে ঘটে যাওয়া এসব ঘটনা তিনি গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা প্রকাশ পেয়ে গেল। তিনি বর্তমানে মানসিকভাবে ক্লান্ত হলেও ছাত্রলীগের রাজনীতির প্রতি নিজের অবিচল নিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদ্রোহী কবির কবিতার পঙক্তি উদ্ধৃত করে তিনি জানান, সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি রাজপথ ছাড়বেন না।
ডিবিসি/টিবিএ