নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িবহর ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন, যাতে স্থানীয় বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে এজাহারনামীয় একজন এবং বাকিরা সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় গতকাল সন্ধ্যায় উপজেলা সদরের একটি ফিলিং স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংসদ সদস্য মাগরিবের নামাজ পড়তে গেলে একদল যুবক সেখানে হট্টগোল শুরু করে এবং তাঁর গাড়িতে ভাঙচুর চালায়।
এ সময় সংসদ সদস্যকে ধাওয়া করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। রাতে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতা মাছুম মোস্তফা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আবু তাহের তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং খবর পেয়ে নিজের দলের নেতাদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছেন।
তাঁর দাবি, এই মামলায় তাঁকে ও তাঁর নেতা-কর্মীদের অন্যায়ভাবে জড়ানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/টিবিএ