নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এ সময় তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এমপি মাছুম মোস্তফা আতকাপাড়া পেট্রোল পাম্পে গাড়ির জন্য জ্বালানি নিতে গেলে কয়েকজন অতর্কিত হামলা চালায়। পরে দীর্ঘ সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর থেকে উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হামলার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, বিএনপির কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে প্রথমে তার গাড়িটি ভাঙচুর করে এবং পরে তার ওপর আক্রমণ চালায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে।
ডিবিসি/আরএসএল